বাঁধানো বাগান আঙিনা তো ভরাবেই জানি।
বুকে বুনো সবুজ সুহাস
বলো, কই থেকে পাবো?
ঝর্নার বুক ছেনে তৃষ্ণার ঘর করে
যে মাতাল, অবোধ পুরুষ,
যন্ত্রের মিহি জলে আঁজলা ভরাবে তার!
কি সাহসে ভাবো?
যতো আনো মসৃণ ত্বক, পরিমিত মেদের প্রলেপ,
ফর্সা জংঘা, নাভি, কাঁচা মাংসের ঘ্রাণ,
যত আনো কচি যোনী, কোমরের ঢেউ,
বুকে পালকের মত, আঁটসাঁট জ্যামিতিক স্তন,
যত থাক মুখে মখমল সোনালি জৌলুশ,
আমার কালো হীরা প্রিয়ার পায়ের নোখে
বিনত চুমুর সুখ,
আমার যে রাণী তার চাউনির তীক্ষ্ণ আবেশ,
পারবে কি দিতে কারো ছাঁচে বাঁধা কৃত্রিম ঠোঁট?
শরীরে শরীর ভরে, শরীরের মন?
বিছানা, বসার ঘর ভরাতে হারায় যদি বুকের আদর, প্রেম,
মানবিক ওম,
শরীর করবে বৃথা শরীরের ঘর।
বাকিটা শুন্য খাঁ খাঁ, রবে না মানুষ।