রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

যুদ্ধ দিনের ঘ্রাণে

প্রেম
বোধ

তবু বেঁচে থাকি,
তবু মেলে রাখি চোখ।
বেহুঁশ হবার যে সৌখীনতা,
সে আমার নয়।
আমাদের নয়।

বিলাসী কান্না, থামো, মেখো না গায়ে।
এসো,
এই বেলা কাঁচা-সোনা-সকালের ঘ্রাণ
বাজি রেখে জিতবোই নতুন ফাল্গুণে
কিছু অশরীরী মেঘ, কিছু নতুন রঙন।

হারবার কুলীনতা আমাদের নয়,
আমাদের নয় কোন
থেমে যাওয়া বয়েসের লোভ।
আমাদের পায়ে বাঁধা নিদাঘ দুপুর।
আমাদের চোখে খোলা সুনীল আকাশ।
প্রেমে ও যুদ্ধে বাঁচে সীমানাবিহীন
আমাদের হেয়ালীর হাসি।
আমাদের বুকে ধুকে মরে গেছে, যাবে
নিয়তি-অমোঘ ব্যাথা,
অবেলার বিষ।

Facebook Comments