ইচ্ছের অসুখে মরে গেলে জীবনের পোকা,
বোকা বোকা বেঁচে থাকা মানুষের ভীড়
বাড়িয়ে কি লাভ! ভেবে, প্রজাপতি ডানা
খুলে রেখে, থেমে গেলো একরোখা কিশোরের চোখ!
কিছু কি এ পৃথিবীর এলো-গেলো তাতে??
মার্বেল, পাথরের মত
অদ্ভুত স্তব্ধ চোখ,
পেয়ালায় চামচের শব্দের ঝিম
একঘেয়ে হয়ে গেলে, চায়ের দোকানী
লিকার বদলে দেবে, বিকিকিনি
থামবে না, কোন কিছুতেই।
শুধু, ইচ্ছের অসুখে মরে যাবে জীবনের পোকা।
শুধু, বেড়ে যাবে বোকা বোকা বেঁচে থাকা মানুষের ভীড়।
সেই, ভীড়ে ভীড়ে কারো কারো আড়ষ্ঠ পোকা ধরা চোখ
রাতের একার মতো-
স্তব্ধ হয়ে যাবে।
Facebook Comments