রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

শাহবাগ ২০১৩

বোধ

যে সন্ধ্যেয় আমার হাতে মানুষের রক্ত লাগলো,
আমি খুনী হলাম, আমি জানলাম-
বিপ্লব মাত্রেই অর্থহীন রক্তপাত কিংবা
প্রতি-রক্তপাতের উপলক্ষ।
আমি জানলাম, আদর্শ
আসলে এক ধরনের অজুহাত, লোভ-
ঈশ্বরের সেই নামটি,
যার জপ করতে নেই, কিন্তু,
যাপনেই সিদ্ধি।

সেই রাতে আমি ফিরিনি।
কিংবা, তার পরের রাতগুলোতে।
যখন ফিরেছি-
আমার হৃদয় অন্ধকারের সমার্থ হয়ে গেছে,
আমার হাত বেয়ে গড়িয়ে পড়ছে
মানুষের নিরীহ রক্ত।

যুদ্ধ জিতে ফিরতে ফিরতে আমি জেনেছি-
আমি কোন যুদ্ধে যাইনি!
আমার কোন সহযোদ্ধা নেই!
আমি স্রেফ বড় কোন শতরঞ্চে
প্রথম চালের পন!

এখনও,
আমার কোন দল নেই,
মতের মূল্য নেই,
আমার দুঃস্বপ্নে পোড়া মানুষ,
আমার হাত বেয়ে গড়িয়ে পড়ছে
মানুষের নিরীহ রক্ত।

-ফেব্রুয়ারী ৫, ২০২০

Facebook Comments