রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

বোধ

বোধ

আবারো সাগরে যাবো, পাহাড় পেরোবো।
অরণ্য-গাঢ় কালচে সবুজ গায়ে মেখে,
বাচাল ঝর্ণা-জল কণ্ঠে ছোঁয়াবো।
জলজ পাথরে লেগে যদি
ভেঙে চুরে মরে যাই কাঁচের মানুষ,
তাই যাবো। তবু,
সাঙ্গুর তীব্র স্রোতে
আবারো ভাসিয়ে দেবো ভঙ্গুর শরীর।

এই যে গলার ফাঁস, একবার খুলে ফেলি, তারপর দেখে নিস..
রোজ রোজ মরে যেতে, বল,
কার ভালো লাগে!

বাঁচার মতন বেঁচে একবারে মরে যেতে
শখ যার, জন্ম যার, এ শহর
কত আর শেখাবে তারে
জীবনের রূঢ় সম্ভাষণ?

Facebook Comments