রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

দিনকাল

বোধ

ক্ষুধা কান্না আর অতৃপ্তির অদ্ভুত সহবাসে
তৃষ্ণার আর বুঝি জায়গা হলো না।
শুদ্ধ, অমিয় যা, ভাগাড়ে এসেছে ফেলে
জীবনের নোংরা প্রতিযোগ।
রুঢ় বাস্তব হাত গলা টিপে ছুঁড়ে ফেলে
সকালের স্নিগ্ধ  কবুতর।
কচি অংকুর গুলো,
চিবুতে চিবুতে
গদিতে ফিরে যান বিত্তবান ষাঁড়।

উৎপাদন আর উপার্জন সর্বস্ব পৃথিবীতে
“সৃষ্টি” কি জানো?
যতক্ষণ না ভালো বিক্রি হচ্ছে,
বাজারে উঠছে না দাম, “সৃষ্টি” সেটাই,
যা তুমি এসেছো ফেলে,
বয়ঃসন্ধির রাতে, প্রাক যৌবনে
কিছুটা সুখে আর কিছু কৌতুহলে।

ভালো থেকো মন্দার পোষ মানা বাঘ,
ভালো থেকো কর্পোরেট বেগুনী সকাল,
মুনাফার সস গুলে মানুষের ফ্রাই খেয়ো,
ভালো থেকো, মুক্তবাজার।

Facebook Comments