রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

ছেদ

প্রেম

অস্তপাড়ে সন্ত্রস্ত চোখ
চোখের তারায় সূয্যিডোবার শোক
শোকের মাতম পাতায় পাতায় ঝরে
ঝরা পাতা- তোমায় মনে পড়ে!

দিক ফুরালে দিগ্বিদিকের ঘোরে
ঘরপালানো ভীরুর উঠোন পোড়ে
পুড়ছে চাতাল, দরজা খোলা নাই
প্রিয় চাবি, তোমার গন্ধ পাই।

রাত্রি আসে, তুমুল এলোচুলে
বুকের ভেতর উথাল-পাথাল ভুলে
জ্বোনাক-স্মৃতি ঝলসে মরে গেলো
আমায় ছাড়া- কেমন আছো, আলো?

কেমন আছো সন্ধ্যেতারা? কেমন আছো স্বাতী?
কেমন আছো ঘুমভাঙানি? শোয়ার ঘরের বাতি?
কেমন আছো ভাতের থালা? খাইয়ে দেয়া হাত?
কেমন আছো বিষন্নতার ছিন্ন ধারাপাত?
কেমন আছো বায়না-সদাই, কাজের ফিরিস্তি?
কেমন আছো উপদ্রবের আহ্লাদী কিস্তি?
কেমন আছো ব্যস্ত দিনের অলস উদযাপন?
কেমন আছো অভিমানের ক্ষুদ্ধ সমর্পণ?
কেমন আছো হঠাৎ ঝড়ে হারিয়ে ফেলা গান?
কেমন আছো শুকিয়ে যাওয়া বকুল ফুলের ঘ্রাণ?

কেমন আছো আগল ছিঁড়ে বেরিয়ে যাওয়া বুক?
কেমন আছো তিনবছরের প্রশ্নে গাঁথা সুখ?

Facebook Comments