রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

যেদিন তোমার বন্ধ দরজা থেকে ফিরে এলাম, তুমি সত্যভ্রষ্ট হলে!

প্রেম

সকালের মোমরোদ পিঠে ফেলে তুমি চলে গেলে!
আমি উদ্যানে, কাঁচা ঘাস চেরা
শানবাঁধা পথে, আদরের কার্পাস ছেড়ে
আকাশে চাইলাম-
তুমি সত্য ভ্রষ্ট হলে।

ঝুঁকির স্পর্ধা ছেড়ে নিরাপদ স্লিপিং ব্যাগে
তুমি নিজেকে লুকালে, বুঝি, ঘরপোড়া চোখ
সিঁদুরে মেঘের ছাপ
দেখেছিলো, বিভ্রম
যোজনের পায়ে পায়ে
বুনেছিল কাঁটা,
তুমি সত্যভ্রষ্ট হলে।

কড়া নেড়ে নেড়ে-
ক্লান্ত আঙুল, ফিরে এলো একলা মুঠিতে
ডেকে ডেকে থেমে গেলো বোবা স্বর,
অবেলার জলটুপ, ধুয়ে দিলো প্রেমিক অক্ষর!
চিঠিরা কাগজ হলো, ফিরতি মানুষের ভিড়
তোমাকে জায়গা দিলো না- শহুরে লোকালে,
তোমার খোঁপা থেকে ঝড়ে গেলো আরো একটা পাপড়ি,
তুমি ফুটপাতে ভাঙা হিল হাতে, খোড়াতে খোড়াতে
আমাকে খুঁজলে না! আমাকে চাইলে না,
ডাকলে না তুমি!

স্বাতী-

যেদিন তোমার বন্ধ দরজা থেকে
ফিরে এলাম, তুমি সত্যভ্রষ্ট হলে!
যেদিন তোমার আঙুল আমাকে ছুঁলো না,
শহরে সন্ধ্যে এলো! সীমান্ত পেরিয়ে
আমাদের হৃদয় পোড়ালো পঙ্গপালের ঝাঁক,
তুমি সত্যভ্রষ্ট হলে।
যেদিন তুমি নতোমুখ, ফিরে গেলে,
আমি অন্য কারো হলাম
তুমি সত্য ভ্রষ্ট হলে।

|| ৬ মার্চ, ২০২০ || বাড্ডা ||

Facebook Comments