এভাবেই,
একটা একটা করে
অনেকটা রাতের পর, ভুলপথে
স্বপ্ন; ফিরে আসো যদি…
দোহাই, মিনতি করছি
জানালার ও’পাশ থেকেই ফিরে যেও।
আমাকে ছুঁ’য়ো না তুমি,
বড় অচ্ছুত আমি
সুখস্পর্শের।
স্বপ্ন,
আজ এতোটা পথ
অসংখ্য স্বপ্নভাঙ্গা কাঁচের টুকরো মাড়িয়ে…
এখন আমার পদচিহ্ন মানেই
নোংরা জমাট রক্তের
চাপ চাপ কালচে লাল,
আমার স্বপ্ন মাত্রেই
ভঙ্গুর কাঁচের আসবাব,
আমার স্মৃতিরা
ভাগাড়ে লাশের অবশেষ;
উৎকট গন্ধ ছড়ায় কেবলই…
স্বপ্ন,
আমাকে মুক্তি দাও..
আমি মুক্তি চাই
এ বুভূক্ষু-তৃষাতুর-অর্থহীন “টিকে থাকা”র
প্রশ্ন-জর্জর অবসাদ হতে…
অমন “জ্যোছ্না-বিলাস” আমার নয়
পূণ্যাত্মারা, আমাকে ক্ষমা করো,
তোমাদের ভাগাড় ঘিরেই
আমার অসহ্য পথরেখা।
স্বপ্ন,
বেঁচে থাকার আর নাম যদি মুহুর্মূহু স্বপ্নধ্বস হয়..
ছেঁড়া শরীর, আস্তাকুড়, মননের নির্বিকার পরাজয়
আর আমার একত্রবাস
আমি চললুম, এ সম্ভব নয়।
আমি মুক্তি চাই…
আমি মুক্তি চাই…
আমি মুক্তি চাই…