আমাকে বেসো না ভালো, জয়ীতা।
একদিন, হয়তো, আমারো দেবার ছিলো অঢেল, দেদার
অথচ এখন, জানো, হারাবার খুব কিছু বাকী নেই। সব
গেলো বন্যার জলে ধানের মতোন, মিলিয়েছে উজানের ঢলে।
ডাস্টবিন ঘেঁষা ফুটপাথ, হয়তোবা তারও থাকে ঝালমুড়ি বিকোবার সাধ।
সে সব গ্রাহ্য কোন অজুহাত নয়।
আমাকে বেসো না ভালো, জয়ী।
দ্যাখোনা আঙুলে কেমন বয়সের ঝাঁঝ, স্বরের প্রগলভতা খুইয়েছি কবে
মনে নেই, মনে নেই জীবন কিভাবে কখন, পেরিয়েছে এতো!
বিস্মৃতি ছাড়া আর খুব বেশি স্মৃতি নেই, খুব কাছে মানুষেরা পষ্ট থাকেনা জয়ী
আমি তাই ঝাপসা জীবন ভালোবেসে, নিভৃতির এতো, এতো কাছে এসে
জেনেছি মৃত্যু কতো সুন্দর, একা।
আমাকে বেসো না ভালো, জয়ীতা।
সব কি সবার হয়!! বড় রূঢ় এ সত্যবাচ-
তবু, মেনে নিতে হয়, যে রকম,
তোমার জন্যে আমি, কিংবা আমার জন্যে
মানুষের গতে বাঁধা স্বাভাবিক অসুখের সুখ
ছিলোনা কখনো। অনেক জুয়ার শেষে
উৎসব ভাঙা রাতে, একা একা, একা ঘরে
ফিরে আসা মানুষের পা, যেটুকু শিখতে পারে
আমি তার বেশি কিছু বলছিনা, শোনো!
তাকাও, আমাকে দ্যাখো! আমি ঝড়কে জেনেছি বহু জাহাজডুবির পরে।
অতোটা অন্ধকার আমার মতোন, বিশ্বাস করো,
বুক পেতে চাইছো না তুমি। চায় না কখনো কেউই।
জয়ী,
সব কিছু পায় কি সকলে!!