কার কি; আমি হারিয়ে গেলে
কার কি; আমি নিখোঁজ র‘লে
এত্তো বিশাল আকাশটাতে; নাটাই ছেঁড়া ঘুড়ি
মেঘের সাথে পাল্লা দিয়ে ইচ্ছেমতন উড়ি..
কার কি; হঠাৎ হোঁচট খেলে
ইচ্ছে করে পথ হারালে,
নিংড়ে বিষাদ অন্ধকারের
কার কি; যদি স্বপ্নভাঙ্গা
টুকরোগুলো জুড়ি…
কার কি যদি; মেঘের সাথে
পাল্লা দিয়ে উড়ি…
আজ,কোলাহলের তীব্র স্রোতে
রাতের মতন স্তব্ধ হলে
কার কি তাতে…
কার কি তাতে…
আজ,উচ্ছাসিত প্রাণ্ময়তায়
মৃতের মতন অসাঢ় হলে
কার কি তাতে…
কার কি তাতে…
আজ,বদ্ধপাগল মাতাল কবির
অপঘাতে মৃত্যু হলে
কার কি তাতে…
কার কি তাতে…
হঠাৎ নীরব; হতেই পারি
আধপঁচা লাশ; হতেই পারি
আলোর ক্ষুধায় নিতেই পারি অন্ধকারের বেশ…
হতেই পারি লক্ষ তারায় হঠাৎ নিরুদ্দেশ।
ইচ্ছে আমার; কার কি তাতে…?
কার কি আমি…? কার কে আমি…?
কার কি আমি…? কার কে আমি…?
Facebook Comments