রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

হিসেব

বোধ
ঈশ্বরকে পাল্লায় তুলে
সের দরে ছেড়ে দাও ভাঙ্গারী বাজারে।
ভুলেও ভাবো না, গায়ে
কি নির্বিকারে
জড়াচ্ছো নর্দমার গন্ধ..
মানুষের খল প্রভু, আচকান গায়,
ভগবান-আল্লাহ-খোদা
সবাইকে তুলে দাও
যাত্রার প্যান্ডেলে।

ভুলে যাও, মানুষেরও
দিন ফেরে কোন কোন দিন,
ভুলে যাও মানুষের মুখে
এখনো কিছুটা আছে
ঘেন্নার থু…
দ্যাখোনি ভাগাড়ে মাছি
ঘিরে থাকে শুয়োরের হাড়..
শেয়ালীরা জিভ দেবে
পচা কলিজায়..
কেন ভোলো, এইখানে
মানুষের কাছ থেকে
খালি হাতে 
কেউ ফেরে নাই..
প্রত্যেকে বুঝে নেবে
হাত ভরে,
হিসেবের প্রত্যেক পাই।

Facebook Comments