যতবার আমাকে ভাঙ্গবে
আমাকে বাধ্য করবে হেরে যেতে
আমার পোড়া অস্থিভস্ম
যতবার
উড়িয়ে দেবে জীবনের
পরাজিত উপত্যকায়…
আমি ফিরে আসবো।
আশ্চর্য আগুনপাখি জীবনের
উদ্ধত অহমে
আমি আমাকে সাজাই।
আমার আহত চোখে
পরাজয় খুঁজে পেতে
যত উল্লাস কর,
যতটা নিপুণ হাতেই
আমার নিয়তি লেখো,
ভুলে যাও, গল্পের শেষে
আমিই নিয়তি হয়ে উঠি,
বিচ্ছিরি অভ্যেস আমার।
নিয়তি,
অলঙ্ঘ্য নিয়তি জেনো,
শেষরাত শেষে
গুরুপাক স্বপ্নের
নোংরা তৃপ্তি ছাপিয়ে
তোমাকে শুনতেই হবে
আমার দুর্বিনীত উচ্চারণ…
“আমিই জীবন”।
Facebook Comments