তবু বেঁচে থাকি।
আসমান ভাঙ্গা কান্নার মুখে
তুলে ধরি ফুল, ভুল নয়।
পরাজয়, আর যার হোক,
জানি পরাজয়, মানুষের নয়,
আমি তো মানুষ।
আঘাতে, নুইতে, ভাঙ্গতে, গুড়োতে ঢের পারি, তবু
ঘুরে দাঁড়াবার স্পর্ধা আমার এতটা টলে না।
ব্যস্ত সড়কে জল মুছে ফেলে অট্টহেসেছি
কেউ না থাকুক, ল্যাম্পপোস্ট ছিলো,
রিকশার হর্ণ, ভিক্ষুক হাত, বলে গেলো, আর দাঁড়ানো চলে না,
“কেউ কারো নয়”- শহরের পিচে
থুতু ফেলে ফের আবার দাঁড়াও,
কেন ভুলে যাও, মানুষ হারে না।
তুমি না মানুষ?
এই পাজরের আড়ালে নরম মোমের দেয়াল,
তবু সেখানে, এতোটুকু দাগ এখনো পড়েনি,
এতোটুকু দাগ পড়বে না আর
হবে না কিছুতে ফাঁটলের গান।
পারি কান্নার নোনাজল গিলে আট্টহাসতে,
উদ্দাম চুমু ঠোঁটে করে জানি ভালোবাসতে।
ন্যাড়া মৃত্যুর টাকে চাটি মেরে বলি দূরে ভাগ
স্বপ্নের হাতে ফের রাখি জোড়া মিস্তিরি হাত।
কেন ভুলে যাই, এইতো জীবন,
পতনে ভাঙ্গনে
ফের উত্থানে,
অবাক বাঁচায়।
কেন ভুলে যাই, জীবন সোপানে
কেবল সকাল
কেবলই সকাল
কেবলই সকাল।
Facebook Comments