অথচ, তোমার আঙুল, ঠোঁট, চোখ
আর বুকের ভাঁজ থেকে
গন্ধ নিতে নিতে, আমি
প্রেমকে জেনেছি।
আমার ভেঙে পড়া আকাশের নিচে
আমাকে আগলে ধরে কাঁদতে থাকা
তোমার ক্ষরণ-
আমাকে চিনিয়েছে ভালোবাসা।
সেই থেকে আমি ঝর্ণা আর বৃষ্টির মত
তোমার চোখ আর চুমুর দিব্যি খেয়ে
বর্ষাতি হয়ে যাই, সেই থেকে
আমার সকালগুলো ঘাসফুল আর
সন্ধ্যাগুলো নীল হতে হতে,
ইজেলের রঙিন বিচিত্রায়
আমাকে ডুবিয়ে নেয়, প্রিয়তমা।
ব্রহ্মাণ্ডের সমস্ত রঙ ঠোঁটে করে,
তোমার নোখের চারু সম্মোহনে
যে হৃদয় আমি এঁকেছি বিগতা,
সন্ধ্যার কারুছায়,
প্রিয়তমা,
তুমি তাকে যত্নে রেখো।
তুমি তার প্রণতি নিয়ো, প্রেম নিয়ো। আর,
সমাহন শেষে,
তুমি তাকে ভুলে যেও,
আদেখলাপনার মতোন, শুভমিতা।