রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

প্রলাপ

প্রেম

অস্পষ্ট মায়ার শিশিরে
ভেজা চোখে
প্রশ্নের খাম খুলে ভালোবাসা রেখে যাই…

রাত্রির গভীরে যখন
ইথারে ভেসে আসা স্বরে
আবেগের স্ফীতি
আমাকেও কিছুটা নাড়ায়
কিছুটা কাঁপায়, আর ভাবতে বলে…

যদিও,
সাত-পাঁচ না ভেবেই শেষমেষ,
অতর্কিতে প্রশ্নের খাম খুলে
পাপড়ির প্রতিটা ভাঁজে
কিছুটা বেওয়ারিশ ভালোবাসা রেখে যাই…

কি লিখবো,
তুমি তো নিজেই কবিতার বিষণ্ণ পংক্তি..
ভাঁজ খুলে সুখের আবহ মেলে
চুপচাপ নিজেকে লুকাও…
অথচ,তোমার চোখে
ব্যথাদের আবৃত্তি করে শরতের স্তব্ধ রাত্রিরা…

কি লিখব,
তুমি তো নিজেই অশ্রুর একাগ্র কারিগর…
আর আমি বুঁদ হয়ে আছি-
আকণ্ঠ স্মৃতির চোলাই পিয়ে
ছন্দহীন শব্দ-বন্ধের নিরর্থ ছাঁচে
অস্ফুট তোমাকে আঁকায়…

আজ বুকের আবাদে বেড়ে ওঠা স্বপ্নরা
তোমার স্পর্শ চায়…
অনুভুতির অসলিল বৃষ্টিতে
পুষ্ট কবিতারা
তোমার করতলে
ফুল হবে বলে
এখনো প্রতীক্ষায়…
আর প্রেমিকের চোখ নিয়ে
আমি কেবলই তৃষ্ণা গিলে চলি…

প্রেম
কেবলই কি তৃষ্ণার অনিমিখ বিস্তার?
অনুভুতি
কেবলই কি মুল্যহীন অভিব্যক্তির আধপোড়া অবশেষ?
তোমার হারিয়ে যাওয়া
হারিয়ে যাবার খেলা
অদেখা ভ্রুকূটি
আমাকে উন্মাদ করে তোলে…
ইচ্ছে হয়,
দস্যুর মত লুটে নেই অসভ্য প্রেম…
লুটে নেই স্বপ্নের সবগুলো রঙ…
অনুভুতি ছোঁয়া সবটা কবিতা থেকে
একে একে তুলে আনি
সবকটা ফুল…

তারপর আমার উন্মত্ত প্রেমের
অনিঃশেষ তীব্র চুম্বন এঁকে
ফিরিয়ে দেই সব…
তোমার প্রেমান্ধ অবিশ্বাসী ঠোঁটে…

Facebook Comments