মেঘগুলো ঝরে যাক,
ঝরে যাক- নির্বাক বেদনার
দলছুট অস্ফুট ওঙ্কার।
আমাদের জীবনের
নির্জলা মোহনার
নিস্প্রেম পথচলা..
যাক যাক, থেমে যাক।
আজকের বৃষ্টিতে,
আধভেজা দৃষ্টিতে,
ধুলোধুলো অনুভুতি
মিলেমিশে একাকার
আবেগের কাদামাটি..
থাক থাক, লেগে থাক।
হৃদয়ের মরুভুমি,
বালিয়াড়ি, শশ্মানে,
দপ করে মুঠো মুঠো
রোদ-জ্বলা খড়কুটো
ম্লান করে হোক, তবু-
কিছু প্রেম জন্মাক।
আর-
হাতের মুঠোর হাত
পলকা হাওয়াতে যদি
ছুটে যায়! যাক, যাক।
আহত অন্ধকারে
ফিরে যাব বারেবারে,
বুকের মরিচাগুলো
জ্বোনাকীর মতো যদি
জ্বলে, তবে জ্বলে যাক।
তাও-
অনাবাদী বুক টুটে
কষ্টের বীজ ফুটে
স্বপ্নবিলাসী ঠোঁটে
জীবনের ঘ্রাণে কিছু
কবিতারা জন্মাক।
তবু থাক, জমে থাক-
যেটুকু গিয়েছে থেকে
যান্ত্রিকতার মেঘে
পথভোলা মনখোলা
অনুভুতি; থাক, থাক।
আমাদের হাতে হাতে
অস্থিরতার বাতে
জর্জর-ভঙ্গুর
কব্জিতে-অস্থিতে
ভেজালবিলাসী পেটে
যেটুকু এখনো জেগে
শুদ্ধ আবেগ, রাগ..
থাক থাক, পড়ে থাক।
বোকা মন..
তোর মত করে তুই
তবু থাক,
ভালো থাক।
ক্ষতগুলো ক্ষতদাগে
দিনরাত জেগে থেকে
সে ক্ষতে পচন হয়ে,
বিষফোড়া, পুঁজ হয়ে-
থাক না, বুকেই থাক।
বোকা মন..
তোর মত করে তুই
তবু থাক
ভালো থাক।
(২২.০৪.২০০৮)