ভুল শহরে জন্মেছিলে বেভুল
ভুল সময়ের ভাঙছো পাথর, বোকা
খাঁচার ভিতর ঝাপটে ডানা তবু
মনের ভেতর উড়াল আকাশ পোষো!
শেকল আছে, অনেক গরাদ, তালা
অনেক বাঁধা, মিথ্যে মিথ্যে বাঁচা
স্বপ্ন দেখো স্বপ্ন ভাঙার টানে
আর ভুলে যাও, সমর্পণের মানে।
তারপরেও সুঁচ তুলেছো সুতোয়
বুকের ভিতর নরম সেলাই আঁকো
পথের বাঁকে পড়লে পাহাড় ভেঙে
মাটির মায়া, তুমুল আঁকড়ে থাকো।
মাথার ভেতর দিনবদলের গান
বোকা মানুষ! ভীড়ছো কাদের দলে!
ফুসফুসে কে? পুড়ছে তামাক, রাত
নুড়ি গুনে কতেক যাওয়া চলে?
এইখানেতে বাস্তুচ্যুতির শাপ
শেকড় কাটা পোকার সংক্রমণ
মৃত্যুমোহন ক্ষত, বিষের জ্বালা
ঝাপসা আকাশ, মিথ্যে সমর্পন!
এই শহরে বাঁচতে ভীষণ মানা
এই শকটে গতি অবাঞ্ছিত
এই খানে নেই উদযাপনের রীতি
এইখানেতে আমরা সবাই মৃত!
এই পৃথিবী তোমার কেমন করে?
এই যে দ্যাখো, কেমন থরে থরে
স্বপ্ন বকুল থোকায় থোকায় ঝরে
কিছু মানুষ তবু ক্যামন ওড়ে!
মানুষ কি পায় জ্যান্ত পাখির ডানা!
এই শহরে মানুষ বাঁচে তবু,
মাশুল-ভুলের তুমুল উপদ্রবেও,
এই শহরে মানুষ হাসে তবু,
যজ্ঞ ভাঙার শঙ্খ পোড়া ক্ষোভেও!