আমার যা যাবার পুরোটাই গেছে,
যা আছে, তা আর যাবে না কিছুতেই।
আমার কি ভয়! এই ঝড়ো রাত্রির পথে
হঠাৎ হোঁচটে…
আমি ছুঁয়ে দিলে, নষ্ট-ভ্রষ্ট হবে সব
আগুন জ্বালিয়ে যাবে বাবুইয়ের বাসা
ধ্বসে যাবে মিনার-মন্দির, কীটেরা জড়াবে পাপে
অর্ঘ্যের ফুল। আমি ছুঁয়ে দিলে,
থেমে যাবে সকাল-সুরভী, ঊষশীতে রঙের নাচন,
হঠাৎ বৃষ্টি, আকাশের বুক ভাঙ্গা রংধনু প্রেম..
থেমে যাবে সব; আমি ছুঁয়ে দিলেই…
এখন বিষাদ এই রক্তের নাম; দুর্ভাগ্য
মজ্জাগত। অস্থিতে অস্থিতে
কেবলই জড়িয়ে আছে
সারমেয় সময়।
চেয়ে দেখো, পিঠে, কতটা গভীরে
গেঁথে আছে নিয়তির ছুঁরি,
বুক জোড়া ক্ষরণের অঙ্কুশ গ্লাণি।
চোখে নিটোল হাসির পিছে,
তেড়ে আসে আত্মঘাতী বোধ।
দেখো.. দেখো.. স্স্স্স্… ছুঁয়ো না কিছুতেই।
কিছু মন কক্ষনো
কক্ষনো ছুঁতে নেই।
অনীক
(২৮.০৬.২০১১, দুপুর ১২.৩০, পাওয়ার সিস্টেম ক্লাস :P)