রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

মানুষ

বোধ

মানুষের চোখে, নোখে ও চিবুকে
নেকড়ে, শুয়োর, শেয়ালের ছাপ
দিনে দিনে হয় প্রকট, তবুও___

মানুষের বুকে, রক্তে, স্বপ্নে,
করোটিতে, ঘামে, পেশী ও চোয়ালে-
ফিরে ফিরে আসে পুরোনো মানুষ,
___________________মানুষের ছায়া।

মানুষেরা তবু সেই মানুষের
গলা টিপে ধরে, শ্বাস এটে ধরে,
বুকে ছুরি মেরে চিৎকার করে,
উল্লাস করে, উল্লাস_______!!!

হে মানুষ, আর কোন শ্বেতবাসই
_________________তোমার জন্যে নয়!

মানুষেরা আজ মানুষের নামে
মানুষের খুন, মাংস বেঁচছে
মানুষে মানুষে ভরা বাজারের
বুক বরাবর, চৌমাথাটিতে!

মানুষের নামে আঁতকে মানুষই
কপাটে, শিকলে, তালা ও গরাদে
নিজেকে বেঁধেছে, বেঁধে ফিরে ফের
জ্বীভে ও জবানে, ভ্রুভাঁজে তুলেছে
বিদ্রূপ, ঘৃণা, থুতু দলা দলা।
মানুষের নামে মানুষই বলছে-

“মানুষ! ছিঃ! মানুষ!”

********

মানুষের ভীড়ে, নুড়িতে, পাথরে
তবুও জন্মে মানুষের ভ্রূণ।
তবুও জীবন ঠিক তুলে দেবে
মানুষের হাতে মানুষের হাত।।

Facebook Comments