রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

খুব বেশি গভীরে যেতে নেই।
দমের হিসেব ভুলে গেলে
অথবা পালের হাওয়া, বদলালে দিক!
ফিরে আসা দায়।

জলের আঁচল পেলে, দিশাহীন খোলা
আসমান মেলে দিলে পেলব অঙ্গন-
“যতই গভীরে যাই মধু
যতই উপরে যাই নীল”!

আমারও হয় না ফেরা, তাই।
দহন ফুরালে নেভে আলো
ফেরে না কিছুই, শুধু
পড়ে থাকে ছাই!


খুব বেশি পুড়ে গেছি, খুব।

খুব বেশি ডুবে গেছি, ঝড়ে গেছি,
ক্ষয়ে গেছি ভাড়ারের শতায়ু ছুরির মতো।
রাতের আকাশ হয়ে দিকের হদিস দিতে
পারিনি, কেবল, শুধু,
বুক জুড়ে- ধরে আছি ক্ষত!


একবার পদ্মার চরে দিকজ্ঞান হারিয়ে ফেলে
নদীটিকে পাগলের মত খুজতে খুজতে
তৃষ্ণায়, ক্লান্তিতে মরে যাচ্ছিলাম।
অথচ আমার চতুর্দিকে নদী, নদী ভরা জল।
পেরোলেই অনেক মানুষ!
তবু কিচ্ছু নেই, কেউ নেই, কি প্রচন্ড সেই শুণ্যতা-
কি ভীষণ, কি ভীষণ, বুকের ভেতরে বাজা
সেই হাহাকার!

তুমি জানবে না।

ওপারের মানুষেরা যেমন জানে না।

Facebook Comments