তুমি ক্ষোভের কবিতা শোনো নাই__
তুমি কবিতায় দ্যাখো নাই বিদ্রূপ ও ঘৃণা__
পংক্তির ভাঁজে জমে থাকে শ্লেষ ও থুতু
এমন কবিতা বড় অচেনা তোমার।
তুমি এমন কবিতা শোননি,
যার প্রতিটা শব্দবন্ধে খেলা করে
স্ফুলিঙ্গ,
যার মাত্রান্তে মননের রন্ধ্রে পড়ে
হাতুড়ের ঘা।
এমন কবিতা তুমি পাওনি কোথাও,
যার সমস্ত শরীর জুড়ে
কুকড়ে থাকে বিস্ফোরণ।
তুমি কবিতা ভালোবাসো!
কিভাবে! কিভাবে বাসবে তুমি?
কবিতার জীয়নকাঠি ভেঙ্গে গড়ে নতুন আবাদ।
কবিতা,
ধ্বংস ও রক্তের অক্ষরে, লক্ষায়ু ফসিলের
করোটি চোয়ালে ল্যাখে জীবনের নাম।
এই বোধ-ই কবিতার প্রেম।
এক হাতে হাতুড় তোল, আর হাতে ফুল
এক হাতে বারুদ নাও, আর হাতে শস্যের বীজ
এক হাতে ছুরি ধরো, আর হাতে প্রেমিকার হাত
তবে না প্রেমিক তুমি, তবে না
কবিতা তোমার
মৃত্যুর যবনিকা।