রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

ইশতেহার

বোধ
তাকে বলে দাও, ঝড়ে-ঝঞ্ঝায়
জানো উল্লাস বুকে বাঁচতে,
জানো বাঁচাতে  ও প্রয়োজনে
মহা-প্রলয় নাচনও নাচতে।
বলে দাও, হলে প্রয়োজন
ভেঙে চুরমার করে বিশ্ব
মনে যত্নে রেখেছো যার মন,
তারে দ্বিধা-ভারে করে নিঃস্ব,
তুমি আবারো বাঁধবে সুখী ঘর,
তুমি আবারো হাসবে গ্লানিহীন,
জেনো, ভুলগুলি ছিলো শাপে বর,
তুমি শুধবেই তার স্মৃতি ঋণ।
নয় বিষাদ অথবা কান্নায়,
নয় বিরহ কিংবা বীথিতে,
ভুল শুধরে নেবার বাহানায়
চুমু আঁকবে নতুন সিঁথিতে।

তুমি রাখবে নতুন হাতে হাত,
আর চোখাচোখি হলে সন্ধ্যায়,
তারে প্রতিদানে দিও ঈর্ষা,
তার লোভী চোখ যাতে জ্বলে যায়।
তুমি হারিয়ে ফেলোনা বিশ্বাস ,
নিজ আত্মার থেকে আস্থা,
জেনো একদিন তুমি পারবেই,
রাখো প্রত্যয়, খোঁজো রাস্তা।
যদি মনে করো এই পথ ভুল,
বুকে পুষোনা অযথা সংশয়।
এলে রাত্রি, অবেলা, দুর্যোগ,
জেনো, সকাল; সে বেশি দুরে নয়।

Facebook Comments