আচ্ছা, ঘুমিয়ে যাও তবে।
ভেবোনা, আমার জন্যে
ঢের রাত্রি
এখনো বিছানায়।
হা হা, আমি আছি,
ভালো আছি, থাকি।
একটুও বাঁধছেনা দেখো,
আরে, এভাবেই
খোলা-তরবারি-ব্যথা
ফের গিলে ফেলে
অশ্লীল অট্টহাসবো,
তুমি নিশ্চিন্তে চলে যাও।
রাত্রির ঢলো ঢলো কালো
অন্ধকার স্তন
মুখে পুড়ে মরে যাবো, তবু
বলবোনা- প্রেম দাও!
প্রেম দাও, প্রিয়তমা!
আঁধারের অসহ স্তব্ধতা-যোনী,
আমাকে গিলে খেলে খাবে,
আমি কাঁদবোনা, প্রিয়তমা।
তোমার আঙুল ধরে আর
চাইবোনা দাঁড়াতে কোন
মেখলা নদীর পাড়ে…
আঁকবোনা মেহেদী নোখে
আর কোন প্রেমিকের চুমু..
একা-রাত-হায়েনা-শীৎকার
কিছুতেই মাখবোনা গায়।
নিশ্চিন্তি,
তোমাকে দিলাম।
ঘুম যাও প্রিয়তমা,
ভেবোনা,
আমার জন্যে
ঢের রাত্রি
এখন অপেক্ষায়।