রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

নৈঋত

প্রেম

 

ভয় পাচ্ছি।
নিয়তিকে নিয়তই শ্রাবণজলের মত
অভব্য উচ্ছৃঙ্খলতার অধিকার দিয়ে
নিজেকে বিষিয়ে ফেলেছি
শহুরে সন্ধ্যার নগ্ন কারাভ্যানে।
তোমার কান্না অগ্রাহ্য করে তাই
আমি আর নীল না হয়ে,
বরং আকাশ হচ্ছি রোজ।
বুকে কংক্রিটের স্লাব, কিছু স্মৃতি, শিশুতোষ,
আনুভুতিক মার্বেল, আধুলির শ্লেষ
টুংটাং বাজিয়ে যাচ্ছে।
আমার থেতলে যাওয়া জিভ
যদিও রাত্রির কোলাহলে
আবৃত্তি করতে চায়- স্নিগ্ধতার নাভীমূল,
কুসুমে, বৃন্তে-
প্রজাপতি হতে চেয়ে, পুড়ে যাওয়া ঠোঁট-
ফিরে আসে প্রতারক চাতকের বেশে।

ধুলো গায়ে আধলা ইটের মতো,
নুড়ি আর নোখভাঙা বেওয়ারিশ লাটিমের মতো
থেকে থেকে ক্রমশই আকাশ হয়ে যাই।
ক্রমশ বৃষ্টি হয়,
বুক ভেঙে নেমে যায়, বুকের পাখিরা, মেঘ,
মেঘাতু নিহিরা।

Facebook Comments