রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

গেলমান

বোধ

আসমান ভেঙে পেড়ে আনি তবু মলাটের চাঁদ
শুদ্ধি চাঁদোয়া জড়ায়ে জাগুক বিজন তিমির
সে বাসনা মিছে, পিছে পিছুটান, অব্রহ্মা রাত
বহতা সময় কবিতার খাতা, শাদা, লিপিহীন
চোখ ও চিবুকে নোনা বসে যায়, ক্ষয়িষ্ণু বোধ
প্রবাহী জীবন পুতুলের চাবি, ছেনাল হৃদয়
বেঁচে দিই সস্তা কাগজের সাথে, কাগজের নাম।

হে মহাজনম, প্রভু, নটরাজ, ভেল্কী দেখাও!
করপুটতলে লোভের শুশুক মুখ দিলে দিক
অস্থিরতার পুণ্যিরা পাক গ্রহণের ঠাই।
খেলা ভেঙে ফের খেলাঘরে মেলো বৃথা সতীপাঠ।
আমার অশনি রাত্রি উজাড় ভেজা দেশলাই
পড়ে থাকে যতো, মানুষের মতো, ছিন্নদ্বৈধ।
প্রভু খেলারাম, আঁতুড়ি শ্বাপদ, নিয়ত প্রণাম,
দোয়াতে রক্ত, মুখর মঞ্চ, শিরাগত কালি
নতজানু তবু, নটরাজ প্রভু, তোমারে প্রণাম!

Facebook Comments