রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

ভুল তারা

বোধ
মৃত আত্মা আর মৃতভূক
কাকের নগরে,
ধোঁয়া আর ধুলোর অবয়বে
যারা ফুল হয়ে ফোটে,
ভুল তারা নয়।

আবেগের অশ্বারোহীরা,
যে দুর্গম মরুতে
খুঁজে ফেরে মরুদ্যান,
যে স্বপ্নচারীর দল,
তপ্ত ধুলোর তলে, জন্ম দিতে চায়
শেফালী, সেজুঁতি, যুথী,
ভুল তারা নয়।

আমাদের আত্মার ক্লেদ
হয়তো কখন ভুলে
ফুটিয়ে ফেলেছে
দু’একটা পদ্ম শালুক…
না, ভুল তারা নয়।

পচন আর গাজনের সিস্টেমে
আমরা প্রেতাত্মারা
দু’চারটে আত্মাওয়ালার বিদ্রোহ
কখনোই ভালো চোখে দেখি না,
পুতে ফেলি, গভীরে, অনেক গভীরে,
যেখানে রূপান্তর একদিন
জন্ম দেবে বারুদ,
তারপর হঠাৎ বিস্ফোরণ
নিশ্চিহ্ন করে দেবে আমাদের,
এবং, আমাদের সমস্ত ক্লেদ।

এমন আত্মঘাতী স্বপ্ন
আমাদেরও আছে, আমাদের
আমরাও ঘৃণা করি,
আমাদের নিকেশের পথ
জ্ঞাত-অজ্ঞাত পথে
আমরাই করে যাবো,
ভুল নয়, আমাদের অপেক্ষায় আছে

আমাদেরই গিলোটিন।

Facebook Comments