তোমার ইদানিংকার হাসিমুখ ছবিগুলো খুব চোখে পড়ে।
আমার হাসিমুখ পোর্ট্রেটগুলোর মতই
তোমার নিঁখুত হাসি।
ভাবি, তুমিও কি নিঁখুত হাসছো!
হাসিটাই সবই! নাকি…
পিছে তার কিছু স্মৃতি
মেঘ করে আছে?
আমার মতন…
জানি, প্রশ্ন অবান্তর।
আগ্রহ অনভিপ্রেত,
অনধিকার।
কথা ছিলো ভুলে যাবো,
ভুলে গেছি, তবু
তোমার শাড়ির রং
থেকে গেছে চোখে।
তাও জানতে ইচ্ছে করে…
তুমিও কি ভুলে গেছো ঠিক?
নাকি, ভুলে গেছো
আমার মতন করে?
আর কোথাও অযত্নে খুব
রেখেছো লুকিয়ে
পায়েল পরিয়ে দেয়া
আঙুলের ছাপ,
ফতুয়ার শাদা।
না না, কি বলছি! ধ্যাৎ!
প্রশ্ন অবান্তর।
আগ্রহ অনভিপ্রেত।
অনধিকার।
Facebook Comments