তবু হাতুড় মিথ্যে ভারী
বোধের বোবা দেয়াল ভাঙ্গায়,
শহর জুড়ে বন্য শুয়োর
ইচ্ছে মতন চক্ষু রাঙায়।
ইচ্ছে মতন ভেংচি কেটে
ইচ্ছে যাকে ফেলছে পুতে,
খুবলে পাজর কলজে চেটে
ঘেন্না ধরায় মানুষ ছুঁতে।
আজকে ভীষন দ্বিধা ও ক্ষোভ
পিছের দেয়াল পিঠ লাগোয়া
স্বপ্ন বলে আজ কিছু নেই
আজ যা কিছু; রক্তে ধোয়া।
তীব্র পাষাণ ভাঙছে বুকে
শঠ বেনিয়া নাচছে খুব,
প্রবঞ্চকের অট্টহাসে
স্বপ্ন ফেরার, দিচ্ছে ডুব।
ভুল ভেঙে তাও স্বপ্ন ফেরে
ক্ষতের আঁকে রক্ত জল,
খুব চুপি হোক, নতুন সকাল
বুনছে তবু ক্ষ্যাপার দল।
পাগলা ভোলা ভয় জানে না,
প্রেম জানে, সুর, রঙ আর গান
ওৎ পেতে রয় সুযোগজীবী,
বিপ্রতীপে, ওদের প্রাণ।
ওদের তবু অকুণ্ঠমন
ওরাই তবু মশালচি,
ওরাই ছেঁড়ে মৃত্যুমুখোশ
সত্য ওরাই, দীপ, অর্চি!