রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

যন্ত্রণা ও জীবন

বোধ

কবে কোনকালে
জননীকে যাতনা না দিয়ে
এসেছিলো শিশু?
স্রষ্টাকে স্রষ্টা করেছে কে?
প্রত্যেক সৃষ্টির বুকে
কে দিলো জীবনবায়ু?
যন্ত্রণা,
সৃষ্টির পূর্বপুরুষ,
যখনই বলেছে কথা,
কবিতা জন্ম নিলো,
সুর এলো,
মৃত্যুর মত সাদা ক্যানভাসে
মূর্ত হলো রঙের উদ্ভাস।
আমার কলম ধরে,
যারা এসেছিলো, তারাও
আর কেউ নয়,
আমার জীবনভর
বেঁচে থাকা যন্ত্রণা ছিলো।

যন্ত্রণা তীব্র হলে,
আরো তীব্র হলে, আরো তীব্র,
কিংবা তারো খুব খুব বেশী,
যতদূর যায়নি ভাবা,
আমি বোবা হয়ে যাই।
আমার নষ্ট হবার অভিলাষ
ফিসফিস করে বলে
আমার শ্রেষ্ঠ কবিতাগুলো
আমি কোনদিনও লিখতে পারি নি।
জীবনের শ্রেষ্ঠ কবিতা
কিছুতেই লেখা যায় না।

মানুষের ময়লা নোখেতে
আমার যে ভালোবাসা,
যত শুদ্ধতা, যত অনুভুতি
চুরি গ্যাছে,  হেয়ালীর
নীল সংক্রমণে
মরে গ্যাছে আমার যে প্রেম,
আমি কবে বুক ভেঙে কেঁদে
কবে পৃথিবী  কাঁদানো চিৎকারে
তার শেষকৃত্য, শবদাহ, সমাহন
আয়োজন করে যাবো? নতজানু
আমার সমর্পনে।
আমি কবে লিখবো আমার
জীবনের শ্রেষ্ঠ  কবিতা?

প্রিয়তমা,
শুধু তোমার জন্যে।

Facebook Comments