রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

দেখতে ঝাল, খেতে মিষ্টি!! ডিম ভুনা!!

কবির হেঁশেল

 

ছোটবেলায়, তখনও ঝালের প্রতি আমার ভালোবাসা অতোটা জন্মায় নি। এদিকে আমার বাসার সবাই সেই রকমের ঝালখোর। ভাত খেতে বসলে দেখা যেতো, আমার চোখের জল নাকের পানি একাকার হয়ে যাচ্ছে।

তখনো হাত দিয়ে খাওয়াটা আমার চলে আসে নি। মা’ই খাইয়ে দিতেন।  তো একদিন, মা ডিম ভুনে নিয়ে এসেছে। দেখা মাত্র আমার গগনবিদারী চিৎকার শুরু!! ঝাল!! ঝাল!!

মা মুচকি হেসে বললো, আরে, এটা দেখতে ঝাল, খেতে মিষ্টি!!

আমি তখন কোরমা ভক্ত ছিলাম। রক্তেও এডভেঞ্চারের নেশা!! কি আছে আর জীবনে, কতোই বা ঝাল হবে!! নিয়ে নিলাম এক গাল!!

এ মা!!! সত্যিইইই!! মিষ্টি লাগছে!!!

তারপর থেকে নিয়মিতো, মায়ের আঁচল ধরে আমার ট্যাঁ ফোঁ চলতোঃ “আম্মু, আম্মু, দেত্তে জাল, কাইতে মিত্তি!!”

খুব সহজ একটা রান্না।
কড়াইতে একটু তেল নিবেন, দেড় টেবিল চামচ মতোন। গরম হয়ে এলে (আপনাকে দেখে নিশ্চইয়ই তেল গরম হবে না, মাঝারী আঁচে চুলাটা জ্বালিয়ে নিন)। দেড় চামচ পিঁয়াজ বাটা কিংবা এক-দেড়টা মাঝা্রী সাইজের পিয়াজ কুঁচি ছেড়ে দিবেন। সামান্য হলুদের গুঁড়ো (১/৪চামচ আন্দাজ) দিন। খুনতি চালান, যেন লেগে না যায়। সামান্য পানি যোগ করে কষাতে থাকুন। লবণ দিতে ভুলে গেলেন নাকি?  নুন ছাড়া মিষ্টি স্বাদও পানসে হয়ে যায়, সুন্দরী ত্বকে লাবণ্য হারাবার মতো।

এক চা চামচের একটু বেশি চিনি দিন (অথবা স্বাদ মতোন)। নাড়াতে থাকুন।  ডিমটা ভেঙে আলতো করে মশলা সরিয়ে এক পাশে ছেড়ে দিন। পাশ থেকে নাড়া দিয়ে ঘণ হয়ে আসা ঝোল ডিমের উপরে তুলে দিন, ডিমটা মাঝে নিয়ে আসুন। এ সময়টায় আঁচ কমিয়ে ফেলতে হবে। খবরদার, কুসুমটা যেনো না ভাঙে!! সেই বয়েসে কুসুম ভাঙলে আমার মন ভেঙে যেতো কিনা!
কড়াইটা ঢেকে দিন।

এবার যেটা ব্যাপার, সেটা আমার জন্যে সবচেয়ে কমপ্লিকেটেড, আপনার জন্যে নয়। আপনি বা আপনার বাচ্চা কুসুম কতোটা নরম বা শক্ত পছন্দ করে, সেই আন্দাজে চুলা থেকে ডিমটা নামিয়ে ফেলতে হবে। আর আমি প্রতিবারই এই জায়গাটাতে ঘেটে ফেলি!!

আশাকরি ডিমটা নামিয়ে ফেলেছেন এতোক্ষণে। একটা Sunny Side Up ধরনের ডিম দেখতে পাচ্ছেন, যেটা লাল হয়ে আছে ঝালে। জিভে নেবেন  না, প্লিজ! ভুলটা ভেঙে যাবে!!

তৈরি হয়ে গেছে আমাদের, দেখতে ঝাল খেতে মিষ্টি ডিম ভুনা!!

ভালোবাসা।

[আপাতত ছবি দিতে পারছি না। তবে, কোনদিন যদি  কোন দুর্ঘটে পড়ে বিয়ে-থা করে বাচ্চা কাচ্চার বাপ বনে এই রান্নাটা করতেই হয়, কথা দিচ্ছি, ছবিটা জুড়ে দেবো!! প্রমিজ]

 

Facebook Comments