কথা ছিলো, পৃথিবীর উজ্জ্বলতম দিনগুলো ধরে
হাতে করে আঙ্গুলে আদরে
সাজাবো জীবন।
কথা ছিলো, জামার পকেটে
ঝুনুঝুনু বাজবে রূপালী রোদ,
পুরু কাগজের বাঁকা আহ্লাদী অক্ষর
ঘোষণা করবে বিত্ত ও সম্মান।
কথা ছিলো, ছুঁয়ে দেবো অবহেলা ভরে
আর যাবতীয় কয়লা, পিতল
সব সোনা হয়ে যাবে।
কোত্থেকে জীবনের আয়েসী নেশা
আচানক বেঁধে দিলো কিসের ঘুঙুর
আমার অপটু পায়!
তাল নেই, লয় নেই,
কেবলই প্রলয়
নৃত্যের টান।
সব ফুলকুঁড়ি ঝরে গেছে জীবনের ভেজা তৃষ্ণায়।
Facebook Comments