সেদিন রাতের মতন যদি
ইচ্ছে হলেই তোমার কাছে
যাওয়া যেতো! তোমার গালে
খোঁপায়-চুলে, যদি যেতো,
হাত ছোঁয়ানো, হাত বুলোনো
ইচ্ছে হলেই…
তোমায় ধরে বুকের ভেতর,
কিংবা কাঁধের মিহি ঢালুয়
নাক ডুবোনো, মুখ ডুবোনো-
সন্ধ্যে-সকাল, দুপুরগুলো
ফিরতো যদি, ইচ্ছে মতন
আমার কাছে, তোমার কাছে,
ইচ্ছে হলেই…
সেদিন বিকেল, মাতাল বেলায়
অসুস্থতার আলতো ছুঁতোয়
তোমার শরীর মুছিয়ে দেয়া,
গালে তুলে খাইয়ে দেয়া,
আড়াল পেলেই দুষ্টু করা,
নরম চুমোয়..
কিংবা তোমার চোখের ঘুমে
পলক ভুলে হারিয়ে যেতে
না-মানা সেই দিনের স্মৃতি
ইচ্ছে হলেই চিমটি কাটা
প্রখর দিনের বাস্তবতায়
ফিরতো যদি…
ইচ্ছে হলেই…
Facebook Comments