সুখিতম মানুষটি, অতঃপর, ক্রীতদাস হয়ে গেলো।
সবচে’ উঁচোয় ওড়া পাখিটিও সার্কাস দলে,
তীরহারা নদীটিতে বাঁধের আবাদ।
ব্যক্তিগত আকাশের শব্দহীন ভেঙে পড়া,
ও দৈনিক পাতানো সুখের পরিমিত বন্টন শেষে
বাজারে বিক্রি হবে যোগ্য পুরুষ,
নাম তুলে দাও।
পরাজিত যোদ্ধার
মৃত্যু বিনে মুক্তি মেলে না।
*******
নিঃশর্ত মৃতুর জন্যে কেউ জন্মি নি..
তবু অনেকেই চলে যাব
জীবনের খেরোখাতা ভরে
শর্তহীন মৃত্যুর ঊর্বর প্রশ্নবোধক এঁকে…
*********
মানুষ তাই-ই পায়, যা সে করে।
তাই বেলা শেষে,
তোমার উদযাপন দেখার অপেক্ষায়।
অভিবাদন।
*********
সোনালী রেশমে বোনা রাঙা আঙরাখা,
ভরা চাঁদ পেড়ে এনে বুকেতে সেলাই,
কালপুরুষের বান আঁকা আস্তিনে
বল, মুছেছিলে কি ব্যথার জল?
দুইপ্রহরের পর, কিছু ফুল ঝরে যাবে,
এই কি নিয়ম নয়?
******
চোখে আদিগন্ত পৃথিবী রেখেছো,
বুকেতে মানুষ।
তীব্র অ-সুখ নিয়ে গেয়ে গেছো মিলনের রাগ।
এবার প্রাপ্যটুকু, উপভোগ্য হোক।